কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
এর আগে গতকাল সকালে রাজশাহী থেকে ঢাকায় এনে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে হাসপাতালটির পরিচালক জামাল উদ্দিনকে প্রধান করে ১৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
কিছুদিন আগে ইলেকট্রোলাইন ইমব্যালেন্স ও হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাসান আজিজুল হক। করোনা পরিস্থিতির কারণে বাসায় রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শুক্রবার রাতে হাসান আজিজুল হকের শুভাকাক্সক্ষীরা জুম মিটিংয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরাও তাতে সম্মত হন। জুম মিটিংয়ে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘হাসান আজিজুল হকের উন্নত চিকিৎসা প্রয়োজন। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর জন্য আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেককে অনুরোধ করা হয়েছে। হৃদরোগ হাসপাতালে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ড করে চিকিৎসা প্রক্রিয়া চলছে। তবে উন্নত চিকিৎসার জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা আশা করছি।’
হাসান আজিজুল হকের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘আব্বার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।’ এর আগে এক ফেইসবুক পোস্টে তিনি তার বাবার অসুস্থতার কথা জানান। সেখানে তিনি লেখেন, ‘আব্বা বয়সের ভারে শ্রবণশক্তি হারিয়েছেন অনেকটা। গত এক মাস যাবৎ তিনি ভীষণ অসুস্থ, ছোট একটি শিশুর মতোই আমাদের ওনার পরিচর্যা করতে হয়। আপনাদের দোয়ায়, প্রার্থনায় তাকে রাখবেন।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গতকাল বিমানবন্দরে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, ‘আমরা কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পাশে আছি। এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। আরও উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হলে তাকে সেখানেও নেওয়া হবে।’
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্বপাশে নগরীর চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এ নিজ বাসায় বসবাস করছেন।
