বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০২:০৯ এএম

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটি দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজধানীর রমনা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি গঠনের ঘোষণা দেন। দলটি প্রতিষ্ঠার লক্ষ্য সম্পর্কে তিনি বলেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গঠন করা হয়েছে।’

প্রিন্স বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হেল্প ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা প্রদান, দেশব্যাপী পোস্টার এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের সব ইউনিটকে একইভাবে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগ এখন মূর্তিমান আতঙ্ক-প্রিন্স : সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মধ্যরাতের ভোটের পর আওয়ামী লীগ এখন বেপরোয়া, মনুষ্যত্বহীন, লাগামহীন ও উদ্যত এক মূর্তিমান আতঙ্ক। এদের কারণে বাংলাদেশ এখন ঘাতক ও মৃত্যুর সহাবস্থান। দেশের জনগণের জানমাল এখন নিরাপত্তাহীন। স্বাধীনতা এখন আওয়ামী লীগের ক্যাডারদের। আওয়ামী রাজনীতির জাঁতাকলে প্রতিদিন নিষ্পেষিত হচ্ছে গণতন্ত্রকামী, ভিন্নমতের মানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের মানুষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, শহীদুল ইসলাম বাবুল, সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত