করোনায় মারা গেলেন রম্যলেখক আতাউর রহমান

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৯:০৯ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রম্যলেখক, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও কূটনীতিক আতাউর রহমান (ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে আতাউর রহমান স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উৎস প্রকাশনীর প্রধান নির্বাহী ও আতাউর রহমানের বইয়ের প্রকাশক মোস্তফা সেলিম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন রম্যলেখক আতাউর রহমান। তিনি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন।’

আতাউর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামের বাড়িতে বাদ মাগরিব দাফন করা হয়। এর আগে ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।’

আতাউর রহমান ২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর নেন। পরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই লেখকের এ পর্যন্ত ২৪টি বই প্রকাশিত হয়েছে। ‘দুই দুগুণে পাঁচ’ শিরোনামে বাস্তবের অসংগতি তুলে ধরে সংবাদপত্রে তার রম্যলেখা জনপ্রিয়তা পায়।

১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। পিতা কবির আহমদ আবুল খায়রাতের তত্ত্বাবধানে তার শিক্ষাজীবনের শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত