পলাতক আসামির পক্ষে হাজিরা দিতে গিয়ে পাঁচজন ধরা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০২:০২ এএম

ময়মনসিংহের আদালতে একটি মামলার প্রকৃত আসামিদের (পলাতক) বদলে তাদের পক্ষে হাজিরা দিতে গিয়ে ফেঁসে গেছেন পাঁচ ব্যক্তি। গত বুধবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। নান্দাইল থানার একটি মারামারির মামলায় ওই ব্যক্তিরা ‘প্রক্সি’ দিতে গিয়েছিলেন। ধরা পড়ার পর ময়মনসিংহ কোতোয়ালি থানায় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন কিশোরগঞ্জের তাড়াইলের সোহেল মিয়া (৩০), ময়মনসিংহের নান্দাইলের মো. ওয়ালীউল্লাহ (২৬), রফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৩০) ও নুরুল্লাহ (২৮)।

জানা গেছে, গত বুধবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম নান্দাইলের একটি মারামারি মামলার পলাতক পাঁচ আসামির জামিন শুনানি করছিলেন। এ সময় এক আসামির নাম ডাকা হলে একসঙ্গে একাধিক ব্যক্তি হাত তোলেন। পরে আসামিদের নাম-ঠিকানা-বয়স জিজ্ঞাসা করলে তারা উল্টাপাল্টা উত্তর দেন। এমন পরিস্থিতিতে তাদের বিকেল ৫টার মধ্যে জাতীয় পরিচয়পত্র এনে আদালতে উপস্থাপনের জন্য সময় দেওয়া হলে তা দেখাতে ব্যর্থ হন তারা। এতে বিচারকের সন্দেহ হলে তাদের আটক করতে পুলিশকে নির্দেশ দেন।

এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ‘গত বুধবার নিজ নিজ পরিচয় গোপন করে পলাতক ৫ আসামির নাম ধারণ করে জামিনের চেষ্টা করায় আদালত ৫ জনকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। পরে ওইদিন রাতেই আদালতের জিআরও এএসআই আবুল হাসানাত বাদী হয়ে উল্লিখিত ৫ জনের নামে কেতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।’

ওসি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটককৃতরা আদালতে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করে তাদের আসল পরিচয় দেন। আজ (গতকাল বৃহস্পতিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত