ঠাকুরগাঁওয়ে ফখরুল

জিয়াউর রহমানের কবর নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:২২ এএম

জিয়াউর রহমানের কবর নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ইস্যুটিই একটি কুরুচিকর ও অরাজনৈতিক ইস্যু।  তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং শাহাদাতবরণের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তাকে দাফন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর অনেকেই মনে করেছিল বিএনপির অবস্থা বোধ হয় শেষ। কিন্তু বিএনপি উঠে দাঁড়িয়েছিল এবং তিন-তিনবার রাষ্ট্র পরিচালনায় এসেছে। ১২ বছর ধরে দেশ বড় ধরনের রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে গণতন্ত্রের মাধ্যমে আমাদের যে অর্জন ছিল, আওয়ামী লীগ সরকার তা নষ্ট করেছে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলতে গিয়ে আমি বলব যে দেশের সব ধরনের নির্বাচনের ওপরে দেশের মানুষের আস্থা উঠে গেছে। বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনেই আমরা এর প্রতিফলন দেখেছি। গণতন্ত্রের প্রথম যে স্তম্ভ, সেটিকেই সরকার অবৈধভাবে নিজেদের মতো করে পরিচালনা করে অবৈধভাবেই ক্ষমতায় বসে রয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনলে মনে হয় যেন তিনি সরকারের সব চাওয়া-পাওয়া, আদেশ-নিষেধ মানার জন্যই বসে রয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাব কি না, দলগতভাবে আমরা সে সিদ্ধান্ত এখনো নিইনি।’

‘খালেদা জিয়া জেলে থাকায় তারেক রহমান সিনিয়ার ভাইস চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব পালন করছেন। তিনি দলের মধ্যে থেকেই বিভিন্ন পদে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। নির্বাসনে থেকেও তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দলের নেতৃত্ব দিচ্ছেন, দলকে সুসংগঠিত করছেন। তাই দলের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই আসে না। তিনিই আমাদের দলের নেতা।  তার নেতৃত্বেই আগামীতে আন্দোলন-সংগ্রাম পরিচালিত হবে।’ যোগ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত