পরীক্ষা না দিয়েও ফলাফলে গ্রেড পয়েন্ট ৩ দশমিক ২৫ পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী রোমান হোসেন। এমন অদ্ভুত কা- ঘটেছে গত ২৯ আগস্ট প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মান তৃতীয় বর্ষের মার্কেটিং বিভাগের ফলে। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোমান হোসেন সম্মান তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় বিজনেস স্ট্যাটিসটিকস-২ ও ম্যাক্রো-ইকোনমিকস পরীক্ষায় অংশগ্রহণ না করলেও বিজনেস স্ট্যাটিসটিকসে গ্রেড পয়েন্ট ৩ দশমিক ২৫ পেয়েছেন। ম্যাক্রো-ইকোনমিকস ফলের ঘরেও তাকে অনুপস্থিত দেখানো হয়নি। ফলাফলে তৃতীয় বর্ষের আটটি কোর্সের মধ্যে সাতটি কোর্সের ফল দেওয়া আছে।
গত ৭ সেপ্টেম্বর রোমান হোসেন বলেন, ‘সম্মান তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় আটটি কোর্সের মধ্যে আমি ছয়টিতে অংশ নিই। ব্যক্তিগত সমস্যার কারণে বাকি দুটি কোর্সে অংশগ্রহণ করিনি। ২৯ আগস্ট প্রকাশিত আমাদের মার্কেটিং বিভাগের ফলাফলে দেখা যাচ্ছে বিজনেস স্ট্যাটিসটিকস কোর্সে অনুপস্থিত থাকা সত্ত্বেও ৩.২৫ পেয়েছি, কিন্তু ম্যাক্রো-ইকোনমিকস কোর্সটি মার্কশিটে দেখাচ্ছে না।’
প্রকাশিত ফলের বিষয়ে জানতে চাইলে সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক মোয়েজ উদ্দিন বলেন, ‘এমনটা হওয়ার কথা না। প্রযুক্তিগত সমস্যার কারণে এমন হতে পারে।’ তিনি ওই শিক্ষার্থীকে দ্রুততম সময়ের মধ্যে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর চিঠি দিয়ে বিষয়টি সমাধান করার পরামর্শ দেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বলেন, ‘রেজিস্ট্রেশন নাম্বার কিংবা বিষয় কোড দেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে। শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড নিয়ে একটি আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে সার্ভার থেকে সমস্যার সমাধান করে দেওয়া হবে।’
