তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) দক্ষ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে গত সাত বছরের মতো এ বছরও শুরু হলো হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২১ বাংলাদেশ’। গতকাল মঙ্গলবার এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সঙ্গে ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন।
বিশ্বব্যাপী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিত) এবং নন-এসটিইএম বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানদান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত সম্পর্কে আরও জানাশোনা ও আগ্রহ তৈরিতে কাজ করে। অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, এই ধরনের উদ্যোগ কেবল আমাদের যুবসমাজের ভবিষ্যৎ উপযোগী তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশেই নয়, পাশাপাশি এটি এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছে যা ইন্ডাস্ট্রিতে এই খাতে দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ করে দিচ্ছে এবং আইসিটি বিষয়ে মেধাবীদের গড়ে তুলতে ক্রমাগত সাহায্য করছে।
জর্জ লিন বলেন, হুয়াওয়ে তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে এই প্রোগ্রামটি তৈরি করেছে।
