নারায়ণগঞ্জের রূপগঞ্জে চৌধুরীপাড়া বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দায় শরীফ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফ কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।
ভোলাব পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, গতকাল সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদের বারান্দায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে হত্যা করে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
