শৌচাগারে ছাত্রী আটকা

প্রধান শিক্ষককে শোকজ, আয়া বরখাস্ত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শৌচাগারে এসএসসি পরীক্ষার্থী এক বাকপ্রতিবন্ধী ছাত্রী ১০ ঘণ্টা আটকা পড়ার ঘটনায় প্রধান শিক্ষক আমির হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অন্যদিকে দায়িত্বে অবহেলার কারণে বিদ্যালয়ের আয়া শাহানারা বেগমকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তারসহ জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী জানান, স্কুলের শৌচাগারে ছাত্রী থাকাবস্থায় তালাবন্ধ করা, স্থানীয় লোকজন তালা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধারের সময় ঘটনাস্থলে অনুপস্থিত থাকা, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভর্তি করার পর তার বিশেষ যত্নের ব্যবস্থা না করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে নোটিসের জবাব দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত