নওগাঁয় দেওয়া বক্তব্য স্পষ্ট করলেন ইসি কবিতা খানম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০২:১৯ এএম

নওগাঁয় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উঠে আসায় নিজের বক্তব্য স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম। গতকাল সোমবার বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডেকে তার অবস্থান স্পষ্ট করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর আমি নওগাঁ সদরে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করি এবং বক্তব্য প্রদান করি। অনুষ্ঠানে প্রদত্ত আমার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ পরিবর্তন করে নিজ মনগড়াভাবে কিছু সাংবাদিক আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বক্তব্য হিসেবে অনলাইনভিত্তিক সংবাদপত্রসহ কিছু পত্রিকায় প্রকাশ করে।’

তিনি জানান, বিষয়টি নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি-সেক্রেটারির দৃষ্টিতে আনা হলে তারা ওই সাংবাদিকদেরসহ জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসারের কাছে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং অনলাইন পোর্টাল হতে সংবাদটি প্রত্যাহার করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কবিতা খানম বলেন, “স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধনের জন্য গিয়েছিলাম। পুরো বক্তব্য ওইটার ওপরই ছিল। ‘সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেও নওগাঁয় সুষ্ঠু হবে’ যেটা আমার বক্তব্যের মধ্যে ছিল না। আমার ভিডিও ক্লিপ তার সাক্ষ্য দেবে।”

তিনি আরও বলেন, ‘ইউপি নির্বাচন সম্পর্কে আমি শুধু, যেহেতু ওখানে ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন কার্ড নেওয়ার জন্য, আমি একটা মেসেজ দিয়েছিলাম যে, আপনারা সামনে যে ইউপি নির্বাচন হবে; সুষ্ঠু ও গ্রহণযোগ্যতার জন্য সহযোগিতা করবেন। যে বক্তব্য এসেছে, সেটা আমার বক্তব্যের মধ্যে ছিল না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত