চুয়াডাঙ্গার সব থানার ওসিকে ৪৮ ঘণ্টার ব্যবধানে বদলি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৯ এএম

চুয়াডাঙ্গার পাঁচ থানার ওসিকে ৪৮ ঘণ্টার ব্যবধানে বদলি করা হয়েছে। জেলার সব থানার ওসিকে একযোগে বদলির ঘটনা জেলাজুড়ে নানা প্রশ্নের জন্ম দিলেও এটা নিয়মিত বদলির অংশ বলে জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানিয়েছেন।

জানা গেছে, পাঁচ থানায় নতুন ওসির দায়িত্ব নেওয়া পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে চুয়াডাঙ্গা সদর থানা ছাড়া বাকিরা আগে থেকেই এই জেলাতেই কর্মরত ছিলেন। পাঁচজনের মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মহসীন। এর আগে তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার তিনি চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বভার গ্রহণ করেছেন। সদর থানার সাবেক ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে জেলা পুলিশেই রয়েছেন। দামুড়হুদা থানায় ওসির দায়িত্ব নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জীবননগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। দর্শনা থানায় ওসি হিসেবে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) লুৎফুল কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখায় সংযুক্ত করা হয়েছে। জীবননগর থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুল খালেক। জেলার দামুড়হুদা থানার ওসি ছিলেন তিনি। আলমডাঙ্গা থানায় সাইফুল ইসলাম ওসির দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে জেলার জীবননগর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীরকে জেলা বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে।

একযোগে জেলার সব থানার ওসির দায়িত্বে রদবদলের কারণ জানতে চাইলে জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের চাকরিতে বদলি হওয়াটা স্বাভাবিক বিষয়। একসঙ্গে জেলার ৫ থানার ওসিকে বদলি নিয়মিত বদলির একটি অংশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত