অধস্তন আদালতকে হাইকোর্ট

নির্দেশনা রায় ও আদেশ দিতে হবে উন্মুক্ত আদালতে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৬ এএম

স্বচ্ছতা ও জবাবদিহির লক্ষ্যে বিচারিক আদালতের সব আদেশ ও রায় উন্মুক্ত আদালতে দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। গতকাল বুধবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪৬৮/২০২১ ফৌজদারি আপিল মামলায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ সংশ্লিষ্ট আইনগুলো, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ধারা ৩৬৬ এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস (প্র্যাকটিস অ্যান্ড প্রসিকিউটর অব সাব-অর্ডিনেট কোর্টস), ২০০৯-এ ১৭৯ (২) অনুযায়ী অধস্তন আদালতের জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য ২ সেপ্টেম্বর এক রায়ে নিম্নরূপ নির্দেশনা দেওয়া হয়েছে ‘...স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন আদালতগুলোতে জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায়  প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাঁদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার নির্দেশ দেওয়া হলো।’ আদালতের রায় মোতাবেক উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয় সব অধস্তন আদালতের বিচারকদের।

বাসা থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধারের পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছিল হাইকোর্টে। গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন ভার্চুয়াল শুনানি নিয়ে এক আদেশে ১৫ জুলাই পর্যন্ত (পরে তা বর্ধিত হয়) পার্থ গোপালের জামিন মঞ্জুরের আদেশ দেয়। পরদিন পার্থ গোপাল কারামুক্ত হন। এ নিয়ে তোলপাড় শুরু হয়।

দুদকের আবেদনের পরিপ্রক্ষিতে বিচারিক আদালতের দেওয়া জামিনের আদেশ ২ সেপ্টেম্বর এক আদেশে বাতিল করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে পার্থ গোপালকে ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের (ইতিমধ্যে আত্মসমর্পণ করে কারাগারে) নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে মামলার রায় ও আদেশ উন্মুক্ত আদালতে দিতে নির্দেশ দিয়ে পার্থ গোপালকে জামিন দেওয়া বিচারক ইকবাল হোসেনকে ভবিষ্যতের জন্য সতর্ক করে হাইকোর্ট। হাইকোর্ট তার রায়ে পার্থ গোপালের মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পাঠানোর নির্দেশ দিয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মামলার বিচারিক কার্যক্রম নিষ্পত্তি করতে বলে। গত বছরের ২৪ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি সংশ্লিষ্ট আদালতের সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত