ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সাক্ষাৎকালে গতকাল বৃহস্পতিবার এ কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
এ সময় ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে তা নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাকশিল্পের বিশেষ ইস্যু, বিশেষ করে পণ্য বৈচিত্র্যকরণ, বাজার বহুমুখীকরণ ও পণ্য উন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। ফারুক হাসান বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ তার তৈরি পোশাকশিল্পের জন্য ব্রাজিল থেকে আরও অধিক পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। এ ব্যাপারে তিনি রাষ্ট্রদূতকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।
