যশোরে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
গতকাল শুক্রবার বিকেলে যশোর শহরের মুজিব সড়কে প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন পার্টির জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কৃষক নেতা শাহাবুদ্দিন বাটু প্রমুখ।
বক্তারা বলেন, চাল, ডাল, তেল, সবজি, মাছ-মাংসের বাজারে যেতে পারছেন না গরিব মানুষ। বাজারে এখন আগুনের হল্কা। করোনাকালে প্রায় দুই কোটি মানুষ চাকরিহারা, খুদে ব্যবসায়ীরা হারিয়েছেন তাদের ব্যবসা। এসব মানুষের মাঝে এখন হাহাকার। অথচ ওই সময়ে ধনিকশ্রেণির মানুষের শিল্প-কলকারখানা চলেছে। তাদের দেওয়া হয়েছে সরকারি প্রণোদনা। ধনীদের সবকিছু ঠিকঠাক চললেও গরিবের জন্য কিছুই করা হয়নি। নেতারা অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
