চট্টগ্রামে আইসিডি নির্মাণ করবে সাইফ পাওয়ারটেক

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২:২৮ এএম

আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করতে চট্টগ্রামে বেসরকারি কন্টেইনার ডিপো তৈরি করবে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এতে বছরে প্রায় এক লাখ কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে। এ বিষয়ে ১৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশ রেলওয়ের প্রতিষ্ঠান কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশের (সিসিবিএল) সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে নতুন বেসরকারি কন্টেইনার ডিপো স্থাপনের এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, এর মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

রেলওয়ে সূত্র জানায়, নগরীর হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডের পাশে রেলওয়ের মালিকানাধীন ২১ দশমিক ২৯ একর জায়গায় এ ডিপো নির্মাণ করা হবে। ইতিপূর্বে আইসিডি নির্মাণের জন্য কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশের (সিসিবিএল) নামে ২১ দশমিক ২৯ একর জমি বরাদ্দ দেয় রেলওয়ে। ওই জায়গায় কন্টেইনার ডিপো নির্মাণের জন্য গত ফেব্রুয়ারিতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়া শেষে সাইফ পাওয়ারটেককে নির্বাচিত করা হয়।

সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন বলেন, চুক্তির শর্ত অনুযায়ী আইসিডির নির্মাণ ও পরিচালনা করবে সাইফ পাওয়ারটেক। আইসিডি পরিচালনা করে যে লাভ হবে তার ২১ দশমিক ৫০ শতাংশ সিসিবিএলকে দেবে তারা। এছাড়া সাইনিং মানি হিসেবে সিসিবিএলকে ৭ কোটি টাকা দেবে। চুক্তির পর অপারেশনাল কার্যক্রম শুরু করতে দুই মাস সময় পাবে প্রতিষ্ঠানটি।

সাইফ পাওয়ারটেক লিমিটেড সূত্র জানায়, বেসরকারি কন্টেইনার নির্মাণে তাদের ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা। এতে প্রায় ৫০০ লোকের কর্মসংস্থান হবে। সিসিবিএলের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, ২০ বছর পর ডিপোটি সম্পূর্ণ চালু অবস্থায় সিসিবিএলের কাছে হস্তান্তর করবে সাইফ পাওয়ারটেক। পরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানকে তা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

বর্তমানে চট্টগ্রাম ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো রয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্যগুলোর মধ্যে নির্ধারিত ৩৮ ধরনের পণ্য সরাসরি বেসরকারি ডিপো থেকেই খালাস করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত