বাংলাদেশে শারদীয় দুর্গাপূজার সময় ও পরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হিন্দুদের নিরাপত্তা ও হামলায় জড়িত ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, ‘হিন্দুদের সবচেয়ে বড় উৎসব চলাকালে তাদের ওপর, তাদের বাড়িঘর, মন্দির ও পূজামণ্ডপে বিক্ষুব্ধ জনতার হামলার খবর দেশে সংখ্যালঘুবিরোধী মনোভাবের পরিচয় প্রকাশ পেয়েছে। গত কয়েক বছরে ব্যক্তির ওপর হামলা, সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনায় প্রমাণিত হয় যে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা মানবাধিকারের গুরুতর লংঘন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যে পরিস্থিতি সে বিষয়ে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাদ হাম্মাদি বলেন, ‘স্বচ্ছতার ভিত্তিতে এসব হামলার ঘটনার তদন্ত করতে হবে। হামলার ঘটনায় সন্দেহভাজন ও জড়িত ব্যক্তিদের সুবিচার নিশ্চিত করতে হবে।’
