যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্রিটিশ রাজবধূর খোলাচিঠি

প্রসবকালীন ছুটিকে জাতীয় অধিকার করার দাবি মেগানের

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে খোলাচিঠি লিখেছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। গত বুধবার লেখা চিঠিতে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি জাতীয় অধিকার করা উচিত বলে জানান তিনি। একজন সাধারণ নাগরিক ও একজন মা হিসেবে মেগান এ চিঠি লেখার কথা জানান বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কংগ্রেসের উদ্দেশে লেখা চিঠিতে মেগান মার্কেল বলেন, ‘আমি নির্বাচিত কর্মকর্তা নই এবং কোনো রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই একজন নাগরিক এবং সন্তানের মা।’ তিনি লেখেন, ‘সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা আনন্দিত ছিলেন। সন্তানের জন্মের পর তাদের কাজে ফিরতে হয়নি। কিন্তু খুব কম মা-বাবা এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়।’

২০ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের দ্বিতীয় কন্যা লিলিবেটের জন্ম হয়। এছাড়া আর্চি নামে তাদের দুই বছর বয়সী আরেকটি সন্তান রয়েছে।

চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেন ৪০ বছর বয়সী মেগান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সামাজিক ব্যয় বিলের আওতায় এ ইস্যুতে আইন হবে কি না তা নিয়ে কংগ্রেসে বিতর্ক চলছে।

মেগান মার্কেল বলেন, ‘যারা বেতনসহ ছুটি পান না, তাদের সন্তানের যতœ, কাজ এবং স্বাস্থ্যসেবা নিয়ে হিমশিম খেতে হয়। যুক্তরাষ্ট্রে সন্তান জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি শুধু কিছু প্রতিষ্ঠান ও অঙ্গরাজ্যের মধ্যে সীমিত থাকা উচিত নয়, বরং এটি জাতীয় অধিকার হওয়া উচিত।’ যুক্তরাষ্ট্র বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির নিশ্চয়তা নেই।

প্রিন্স হ্যারি এবং মেগান দম্পতি গত বছর ব্রিটিশ রাজপরিবার ছেড়ে দেন। এরপর থেকে তারা লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন। সম্প্রতি এ দম্পতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ফার্ম এথিকে ইমপ্যাক্ট পার্টনারস হিসেবে যোগ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত