সংবাদ সম্মেলনে কাদের

বিএনপির ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে গেছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০২:০৫ এএম

অগণতান্ত্রিক পন্থায় বিএনপির ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন বলে তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের এগিয়ে যাওয়া দেখতে পায় না।’

গতকাল রবিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেরুদণ্ড শক্ত। কারণ সরকারের সঙ্গে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথানত করেন না। বিএনপির রাজনীতি এখন চলছে অদৃশ্য সুতার টানে।’

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। এখন দেশের মানুষ নির্ভয়ে, স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকাণ্ড করছে।’

তিনি বলেন, ‘সরকার কোনো দলের ওপর খবরদারি করে না। বিএনপি নেতাদের সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে নিজেদের শাসনামলের কথা স্মরণ করা উচিত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জনগণ নয়, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা ও জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আতঙ্কে রয়েছে। ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয় বরং ভালো আছে, স্বস্তিতে বসবাস করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত