জান্তাবিরোধী প্রতিরোধ লড়াই ৫০ সেনা নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০২:২১ এএম

মিয়ানমার জুড়ে জান্তার বিরুদ্ধে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ লড়াই জোরদার হয়েছে। দেশটির মান্দালয়, ইয়াঙ্গুন, সাগাইং, মাগউই, ইয়ারবতিসহ বিভিন্ন শহরে পরাজিত হচ্ছে সেনাবাহিনী। গত সপ্তাহের কয়েক দিনের হামলা-সংঘর্ষে ৫০ জনের বেশি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছে বেসামরিক মানুষও।

গতকাল সোমবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে এসব হতাহতের খবর জানিয়েছে। এর আগে গত ১৪ অক্টোবর চার দিনের হামলা-সংঘর্ষে ৮৮ সেনা নিহতের খবর দেয় ইরাবতি। গতকালের প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাগাইং অঞ্চলের মায়ং শহরের কিয়াউকিত পুলিশ স্টেশনে গত রবিবার বিকেলে প্রতিরোধযোদ্ধারা অভিযান চালায়। এতে প্রতিরোধযোদ্ধাদের সাতটি দল অংশ নেয় বলে জানিয়েছে ইউনিয়ন ডিফেন্স অ্যান্ড লিবারেশন অ্যালায়েন্স। দুই ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে অন্তত পাঁচ জান্তা সেনা নিহত ও একজন প্রতিরোধযোদ্ধা আহত হয়েছে।

এদিকে মায়ং শহরে গত শনিবার বিকেলে পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ’এস) আটটি দল একযোগে জান্তা সেনাবহরের চলার পথে মাইন পুঁতে রাখে। মায়ংয়ের সিভিলিয়ানস ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন জানিয়েছে, এ হামলায় দুটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে অন্তত ১৫ জান্তা সেনা।

রবিবার সকালে শান রাজ্যের পেকোন শহরের প্রবেশমুখে পিডিএফ’এস ও কারেন ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্সের যোদ্ধারা জান্তার বহরে যৌথ অভিযান চালায়। ওই বহরে পাঁচটি সাঁজোয়া যানে অন্তত ৫০ জন সেনাসদস্য ছিল। তাদের মধ্যে অন্তত ১০ সেনা নিহত হয়েছে।

ইরাবতি বলছে, কয়েক মিনিটের এ হামলার জবাবে ১০টির বেশি কামানের গোলা ছুড়েছে জান্তা সেনারা। যার কয়েকটি বেসামরিক এলাকায় গিয়ে পড়েছে। এতে ওই শহরে ৪৪ বছর বয়সী এক নারী নিহত এবং শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক আহত হয়েছে।

এদিকে রবিবার বিকেলে কাংইদায়ুন্ত শহরে ইয়াঙ্গুন-পাথেইন মহাসড়কে সেনাবহরে বোমা হামলা চালিয়েছে পাথেইন স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা। এ হামলায় তিন জান্তা সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই সেনা। এ সময় আহত এক প্রতিরোধযোদ্ধাকে পিটিয়ে মেরে ফেলেছে জান্তা সেনারা। এদিন পাকোক্কু শহরে জান্তার বহরে বোমা হামলা চালিয়েছে পিডিএফ’এস। তবে এ হামলায় হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার দিনজুড়ে কারে শহরে সেনাবহরে পিডিএফ’এসের বোমা হামলায় অন্তত পাঁচ জান্তা সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিন ইয়াঙ্গুন ও মান্দালয়ে জান্তার ওপর হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইয়াঙ্গুনে একাধিক হামলায় পাঁচজনের বেশি জান্তা সেনা নিহত হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় অং সান সু চিসহ বেসামরিক সরকারের নেতাদের। এরপর সেনাশাসনের প্রতিবাদ এবং সু চিসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে রাজপথে নামে দেশটির মানুষ। যুক্ত হয় সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ ও প্রতিরোধযুদ্ধে এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত