সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে রুহেদ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত শুক্রবার রাতে সিলেট শহরের মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল শনিবার দুপুরে দিরাই আমলি আদালতে তাকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক ইন্সপেক্টর অসীম চন্দ্র দেব বলেন, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জলমহালকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া নামে একজন নিহত হন। এ ঘটনার প্রধান আসামি প্রদীপ রায়কে গতকাল আদালতে তুলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রসঙ্গত, গত সোমবার উপজেলার উদির হাওর জলমহালে মাছ ধরা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় পক্ষের রুহেল (মেম্বার) পক্ষ ও আমেরিকা প্রবাসী কাজল পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষে রুহেদ মিয়া ঘটনাস্থলে নিহত হন।
