১৯৩৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি, লেখক ও নাট্যকার জিয়া হায়দার। তার পুরো নাম শেখ ফয়সাল আবদুর রউফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। তিনি ১৯৫২ সালে গোপালচন্দ্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন এবং ১৯৫৬ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ভর্তি হন রাজশাহী কলেজে। ১৯৫৮ সালে রাজশাহী কলেজ থেকে বাংলায় অনার্স এবং ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৬৮ সালে ইস্ট-ওয়েস্ট সেন্টারের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় ভর্তি হন এবং সেখান থেকে নাট্যকলায় এমএফএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে তিনি সাপ্তাহিক পত্রিকা ‘চিত্রালি’তে যোগ দেন। পরে তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭০ সালের ডিসেম্বর মাসে জিয়া হায়দার যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। তিনি টেলিভিশনে থাকাকালীন পরিচয় হওয়া সমমনাদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ এবং ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)। ২০০১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকাকালীন অবসর নেন। তিনি ৭টি কাব্যগ্রন্থ, ৪টি নাটক লিখেছেন এবং বেশ কিছু নাটক অনুবাদ করেছেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০০১ সালে বাংলাদেশ সরকার কর্র্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। ২০০৮ সালের ২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
×
