রাশিয়ার বাজারে পোশাক রপ্তানি করতে চান দেশীয় পোশাক শিল্পোদ্যোক্তারা। দেশটির বাজার ধরতে রাশিয়ার সহযোগিতা চেয়েছে পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ।
গতকাল বৃহস্পতিবার গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনতিয়েভিচ মানতিতিস্কি সাক্ষাৎ করেন। এ সময় সহযোগিতার কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বিজিএমইএ সভাপতি বলেন, রাশিয়া একটি সম্ভাবনাময় বাজার। এ বাজারে বাংলাদেশের পোশাক পণ্যের চাহিদা আছে। কিন্তু রাশিয়ায় পোশাক রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে লেনদেন এবং শুল্ক জটিলতা। ফারুক হাসান বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে এবং রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রপ্তানির পথ প্রশস্ত করতে রাশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।
