‘নিজেকে জানা সহজ হতে পারে, তথাপি, এটা হতে পারে সবচেয়ে কঠিনতম। তবু, এমনকি এই দ্বৈত প্রকৃতি সত্ত্বেও, নিজের আবেগ, অনুভূতি ও অভিব্যক্তিগুলো জানা-বোঝা আবশ্যক। ’
এ কথা দিয়েই শুরু হয়েছে শিল্পী জিন্নাতুন জান্নাতের প্রথম একক চিত্র প্রদর্শনীর আমন্ত্রণপত্র।
বিষয়টি আরও স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে জানিয়েছেন শিল্পী:
‘‘নাড়ি সূত্র’ আমার নিজের সত্তা, আমার আবাস, আমার দেশের অন্বেষণ। আমি কোথা থেকে এলাম আর কোথায় অবস্থান করছি এটা সেই গল্প বলা। ‘আমি’ অবধারণাটি নিয়েই আমি কাজ করেছি। ‘নাড়ি সূত্র’তে উপস্থাপিত শিল্পকর্মগুলোতে আমি কী অনুভব করি, কেমন অনুভব করি; আমার চৈতন্য ও আবেগের জায়গা থেকে আমার নিজস্ব পরিপ্রেক্ষিত থেকে সেসব প্রকাশিত হয়েছে।’
শিল্পী জিন্নাতুন জান্নাতের প্রথম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে শনিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায়। প্রদর্শনীটির আয়োজক ইএমকে সেন্টার। প্রদর্শনী চলবে আগামী ৫ থেকে ১৮ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। তবে শুক্রবারসহ জাতীয় ছুটির দিনগুলোতে গ্যালারি বন্ধ থাকবে।
শিল্পী জিন্নাতুন জান্নাতের জন্ম বাগেরহাটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে ২০১৪ সালে স্নাতক ও ২০১৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।
শিল্পী জিন্নাতুন জান্নাতের চিত্রকর্মে বলিষ্ঠ রেখা ও রঙের ব্যবহারে বাংলার চিত্রকলার দেশজ ঐতিহ্যের অনুপ্রেরণা সবারই নজর কাড়বে। তরুণ এ শিল্পীর কাজে একজন নারী হিসেবে নিজের ‘সত্তা’ আর সমাজের সাপেক্ষে নিজের ‘সামাজিক সত্তার’ মধ্যকার বোঝাপড়ার প্রয়াস লক্ষ্য করা যায়।
সমকালীন বাংলাদেশের আধুনিক নাগরিক হিসেবে নিজ সত্তাকে জানা-বোঝার আর প্রকাশের ক্ষেত্রে দেশজ শিল্প ঐতিহ্যের ভাষা-শৈলীর অন্বেষণে শিল্পী জিন্নাতুন জান্নাতের এ প্রয়াস ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক পরিসরসহ শিল্পবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।
শিল্পী জিন্নাতুন জান্নাতের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘নাড়ি সূত্র’:
গ্যালারি: ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার ভবন (১০তম তলা)
ঠিকানা: বাড়ি-০৫, সড়ক-১৬, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
