বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে সরকার তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র করছে। তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ অব্যাহত
থাকলে তিনি আর বাঁচবেন না। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে কৃষক দল আয়োজিত সমাবেশ তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত ২৫ নভেম্বর থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো সমাবেশ-মানববন্ধনের ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। আজ শনিবার ছাত্রদলের সমাবেশের মধ্য দিয়ে আট দিনের এই কর্মসূচি শেষ হবে।
মানববন্ধনে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিন। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে এসব করে কোনো লাভ হবে না। জনগণ জেগে উঠতে শুরু করেছে এবং জেগে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। পদ্মা-মেঘনা-যমুনার অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং তোমাদের তখতে তাউস ভেঙে ছারখার হয়ে যাবে।’
সমবেত নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আসুন, আজকে জুম্মাবার, পবিত্র দিন আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করি। আমরা এর আগের জুম্মার দিন দোয়া করেছি, বায়তুল মোকাররমে লাখো মানুষ দোয়া করেছেন। প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের সময়ে আমাদের মা-বোনেরা দোয়া করছেন আল্লাহ দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন।’
কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও কৃষক দলের সহসভাপতি গৌতম চক্রবর্তী, কৃষক দলের যুগ্ম সম্পাদক টি এস আইয়ুব, মোশারফ হোসেন এমপি, ঢাকা মহানগর কৃষক দলের সভাপতি নাছির হায়দার, বিএনপির সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, সাবেক ছাত্র নেতা হায়দার আলী লেলিন, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
শ্রমিক দলের সমাবেশ রবিবার : একই দাবিতে আগামীকাল রবিবার দেশব্যাপী সব জেলা ও মহানগরে সমাবেশ করবে শ্রমিক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একইদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন। শ্রমিক দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সমাবেশ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেছেন শ্রমিক দলের সভাপতি।
