সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবেশীর একজনের পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দিয়ে মারধরের শিকার হয়েছে এক যুবক। ফেসবুকে অনেকেই মজা করার জন্যও এই রিয়্যাক্ট দিয়ে থাকেন। তবে বেধড়ক মারধরের শিকার হয়ে ওই যুবক এখন হাসপাতালে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকার ওমপ্রকাশ ঠাকুর নামে একজনের সঙ্গে এই ঘটনা ঘটেছে। খবর: হিন্দুস্তান টাইমস
জানা গেছে, গত ৯ ডিসেম্বর একই এলাকার জয়ন্ত সিং নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টে ‘হা হা রিয়্যাক্ট’ দিয়েছিলেন ওমপ্রকাশ। এতেই বেজায় ক্ষেপে যান জয়ন্ত।
ওমপ্রকাশ পেশায় নাইটগার্ড। অভিযোগ, রোববার (১২ ডিসেম্বর) রাতে কাজে যাওয়ার সময় আড়িয়াদহের পাঠবাড়ি লাইন এলাকায় তাকে আটকে বেধড়ক মার মেরেছে জয়ন্তের দলবল। পরে আহত অবস্থায় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওমপ্রকাশকে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ডান চোখের অবস্থা গুরুতর।
এ ঘটনায় ক্ষুব্ধ ওমপ্রকাশের স্বজনেরা। তারা বেলঘড়িয়া থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকাছাড়া। পুলিশ তদন্ত চালাচ্ছে।
