ঝিনাইদহের মহেশপুর

সীমান্তের ওপারে ৪ দিন পড়ে ছিল বাংলাদেশির লাশ!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:৪২ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের টেংরা খাল থেকে মিকাইল হোসেন (২৫) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। মিকাইলের স্বজনদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন তিনি। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বলছে, এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। মিকাইলের স্বজনরা জানান, মিকাইল উপজেলার বাঘাডাঙ্গার জিনজিরাপাড়ার রুহুল আমিনের ছেলে। বেশ কয়েক দিন আগে আরও কয়েকজনের সঙ্গে চোরাইপথে গরু আনতে ভারতে প্রবেশ করেন। গত বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকায় শিলবাড়ি বিএসএফের টহলদলের সামনে পড়েন। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন অন্যরা পালিয়ে এলেও মিকাইল নিখোঁজ ছিলেন। ঘটনার চার দিন পর রবিবার বিকেলে টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি।

ঝিনাইদহের মহেশপুর খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, সকালে স্থানীয়দের মুখে ঘটনাটি শুনেছি। অফিসিয়াল কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। খোঁজ পেলে পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত