র্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলেছে, বাংলাদেশবিরোধী চক্র লবিস্ট গ্রুপের সহায়তায় স্থুল, মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে বাংলাদেশের প্রকৃত অবস্থাকে গোপন করে যুক্তরাষ্ট্র সরকারকে এমন সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশবিরোধী এই চক্র বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিব্রত করতে চায় এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বাধাগ্রস্ত করতে চায়।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, পুলিশের উপকমিশনার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র সরকার তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলেও মনে করে অ্যাসোসিয়েশন।
এতে বলা হয়, বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক প্রটোকল ও কনভেনশন প্রতিপালন এবং স্থিতিশীল আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রকৃত তথ্য ও অবস্থা মূল্যায়ন করে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
অ্যাসোসিয়েশন আশা করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার মাধ্যমে পুলিশের চলমান আন্তঃদেশীয় সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমকে বেগবান করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।
