রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় র্যাব সদস্যদের ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ভয় দেখিয়েছে মাদক কারবারিরা। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন র্যাবের এক সদস্য। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিজয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। সে সময় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করে র্যাব।
র্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নেতৃত্বে র্যাবের একটি দল বিজয়নগর গ্রামে অভিযানে যায়। তখন চারজন দুটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। র্যাব তাদের ঘিরে ফেললে এক মাদক কারবারি ধারালো চাপাতি দিয়ে কনস্টেবল মো. রোকনুজ্জামানের মাথায় আঘাতের চেষ্টা করেন। সে সময় রোকনুজ্জামানের একটি আঙুল কেটে যায়। আর শাহরিয়ার নামে আরেকজন তার কোমর থেকে একটি পিস্তল বের করে ভয় দেখান। এভাবে তারা পালানোর চেষ্টা করলেও তিনজনকে ধরে ফেলে র্যাব। আরেকজন পালিয়ে যান।
ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বলেন, খেলনা পিস্তলটি হাতে না নিলে বোঝার উপায় নেই। এটি দিয়েই হয়তো মানুষকে জিম্মি করেছে তারা।
তিনি জানান, অভিযানে তারা শাহরিয়ার নাজিম ওরফে জয় (২১), পরশ ওরফে মাহিদ হাসান (১৯) এবং তারেক মাহফুজ (১৯) নামে তিন যুবককে আটক করেছেন। এই তিনজনসহ পলাতক একজনকে আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেছে র্যাব।
