এসইসির সাবেক কমিশনার স্বপন কুমার বালা আর নেই

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২:২১ এএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক কমিশনার স্বপন কুমার বালা আর নেই। তিনি গতকাল বুধবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

জানা গেছে, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের পক্ষ থেকে তাকে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে যাওয়ার আগে পথেই তার মৃত্যু হয়েছে।

২০২০ সালের এপ্রিলে এসইসির কমিশনার হিসেবে মেয়াদ শেষ করে স্বপন কুমার বালা তার পুরোনো কর্মস্থল ঢাকা বিশ^বিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষকতা পেশায় ফিরে যান। মৃত্যুর আগপর্যন্ত তিনি এই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৬ সালের ১২ এপ্রিল এসইসির কমিশনার হিসেবে যোগ দেন তিনি।

এসইসির কমিশনারের দায়িত্ব পালনের আগে স্বপন কুমার বালা ২০১৩ সালের এপ্রিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। তার দায়িত্বকালে ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) হয়। ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসইর সিইওর পদটি ব্যবস্থাপনা পরিচালক পদ হিসেবে রূপান্তরিত হয়। সেই হিসেবে স্বপন কুমার বালা ছিলেন ডিএসইর প্রথম এমডি।

জানা গেছে, তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক স্বপন কুমার বালার মৃত্যুতে শোক জানিয়েছে ডিএসই ও এসইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত