ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রকে ছুরি মেরে হত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০২:০০ এএম

ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছে আরও একজন। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের গোবিন্দনগর বিসিক মোড়ে এই ঘটনা ঘটে। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

নিহত স্কুলছাত্রের নাম মেহেদী হাসান। সে সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে আগামী বছর এসএসসি পরীক্ষার্থী।মেহেদী শহরের জেলা পরিষদপাড়ার মানিক হাসানের ছেলে।

আহত আরমান একই স্কুলের দশম শ্রেণির ছাত্র। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় মেহেদীসহ ৩-৪ জন বন্ধু গোবিন্দনগরের বিসিক মোড়ে চা পান করে দোকান থেকে বের হয়। এ সময় দুর্বৃত্তরা আকস্মিক তাদের ওপর হামলা করে এবং ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মেহেদীর মৃত্যু হয়। আহত আরমান জানায়, চায়ের দোকান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মাফলারে মুখ ঢাকা ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের দুজনের পা কেটে যায় এবং রক্তাক্ত হয়। হামলাকারীদের চেনা যায়নি বলে আরমান জানায়।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত