বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি সারা দেশে যেখানেই সমাবেশ করে, সেখানেই নিজেরা মারামারি করে। তারা নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের ওপর দোষ চাপাচ্ছে।’
গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলিবর্ষণ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘হবিগঞ্জের আগে সিলেটে তাদের বিজয় দিবস উপলক্ষে ডাকা সমাবেশে চেয়ারে বসা নিয়ে তারা যেভাবে মারামারি করেছে, সেই ভয়ে আশপাশে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। তাদের নিজেদের মধ্যে মারামারির কারণে জনগণ আতঙ্কিত। একই ঘটনা হবিগঞ্জেও। সেখানেও তাদের বিশৃঙ্খলা ও মারামারি ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছিল, এ ছাড়া অন্য কিছু নয়।’
বিএনপির মারামারির ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল কোনো মন্তব্য করেননি জানিয়ে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে চিৎকার করতে হয়। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন্য লজ্জাকর।’
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সরকার এর তদন্ত করবে এবং যদি এই ঘটনায় কেউ দোষী হয় অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’
