হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০২:০৯ এএম

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ শহরের টাউনহল রোড এলাকায় তাকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

নিহত সাইফুল ইসলাম হবিগঞ্জের মাধবপুরের মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, সাইফুল ইসলাম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) হিসেবে প্রায় ১৮ মাস ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল দুপুরে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।’ 

কী কারণে সাইফুলকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত