পঞ্চগড়ের দেবীগঞ্জ

ইউএনওকে বান্দরবানে বদলির হুমকি চেয়ারম্যানের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০১:২৮ এএম

নির্বাচনে নিজের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শাস্তিস্বরূপ পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি বা বান্দরবানে বদলির হুমকি দিয়েছেন সেখানকার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। এছাড়া প্রশাসনের কর্মীদের ‘কুত্তা’ উল্লেখ করে তাদেরও দেখে নেবেন বলে জানিয়েছেন স্থানীয় দণ্ডপাল ইউপির আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী। গত বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের শান্তিনগর গ্রামে আয়োজিত নির্বাচন-পরবর্তী আনন্দসভায় দলীয় নেতাকর্মীদের সামনে এসব মন্তব্য করেন তিনি।

চেয়ারম্যান আজগর আলী দণ্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার দম্ভোক্তিমূলক ওই বক্তব্যের ভিডিও ক্লিপ ইতিমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেবীগঞ্জ উপজেলাসহ পুরো জেলায় আলোচনা-সমালোচনা চলছে।

গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আজগর আলী। পরদিন আয়োজিত নির্বাচন-পরবর্তী আনন্দসভায় দেওয়া বক্তব্যে তিনি দেবীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বেশ কিছু মন্তব্য করেন।

ইউএনওকে উদ্দেশ্য করে চেয়ারম্যান আজগর বলেন, ‘ইউএনও মহোদয় আপনি জেনে রাখুন, আপনি নিস্তার পাবেন না রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রোষানল থেকে। আপনাকে আমি খাগড়াছড়ি, বান্দরবান পাঠিয়ে ছাড়ব। আপনার প্রশাসনের কুত্তারা নির্বাচনে যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিলেন তা আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। বাকিটা জনগণ হাড়ে হাড়ে আপনাদের বুঝিয়ে দেবে।’

চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী সাহেবের বক্তব্যটি আমি সংগ্রহ করেছি। আমি একাধিকবার বক্তব্যটি শুনেছি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করেছি। বক্তব্যটি ওই ইউপি চেয়ারম্যানের নিজের দেওয়া বক্তব্য। ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের পরামর্শক্রমে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আর ইউএনওকে হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আজগর আলী মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘ভোটের দিন আমার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কারচুপির খবর শোনা যায়। কেন্দ্রে ফলাফল দিচ্ছিল না প্রশাসন। আমার কর্মীরা সেখানে প্রতিবাদ করে। পরে পুলিশ আমার কর্মীদের ওপর লাঠিচার্জ করে। স্বয়ং ইউএনও হাতে লাঠি নিয়েছিল। এজন্য ইমোশনাল হয়ে আমি ওই বক্তব্যটি দিই। আর আমার নেতাকর্মীদের সান্ত¡না দেওয়ার জন্য বলি, আপনাকে (ইউএনওকে) দেবীগঞ্জের মাটিতে থাকতে দেওয়া হবে না।’

বিরোধীপক্ষের কিছু মানুষ তার দেওয়া বক্তব্য কাটছাঁট করে ফেইসবুকে পোস্ট করেছে বলেও দাবি করেন এই ইউপি চেয়ারম্যান।

উল্লেখ্য, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আজগর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য সাবেক চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম পান ৪ হাজার ৮৮২ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত