আজ থেকে ফের ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের বিচার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:৩৫ এএম

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম আবারও ভার্চুয়ালি শুরু হচ্ছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। করোনা মহামারী পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে গত বছরের ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে ভার্চুয়ালি বিচারকাজ চলছে।

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর কিছুদিন উচ্চ ও অধস্তন আদালতের বিচার কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকে। পরে ওই বছরের ৯ মে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ অধ্যাদেশ জারি হলে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়। পরে এ অধ্যাদেশটি আইনে পরিণত হয়। ২০২১ সালে দীর্ঘ সময় উচ্চ আদালতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম চলে। ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতেও হাইকোর্টে বিচারকার্যক্রম হয়। সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও উচ্চ আদালতে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হচ্ছে।

গতকাল আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে মামলার শুনানিকালে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আবার ভার্চুয়াল আদালত পরিচালনার ইঙ্গিত দিয়ে তিনি উপস্থিত আইনজীবীদের বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, ‘ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন বিচারপতি ও নিম্ন আদালতের বিচারক আক্রান্ত হয়েছেন। আদালতের অনেক স্টাফ আক্রান্ত হয়েছেন। আমরা হয়তো আবার ভার্চুয়াল কোর্টে ফিরে যাব।’ এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ আদালতের উদ্দেশ্যে বলেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা এবং আইনজীবীদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

ভার্চুয়াল আদালত নিয়ে প্রধান বিচারপতির অভিমতের পর বিকেলে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (আজ) থেকে ‘আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ-সংক্রান্ত জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে আজ থেকে হাইকোর্টের বিচার কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত