ইটের পরিমাপ কম পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুটি ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (পদার্থ) মো. আবদুর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত রংপুর বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের উদ্যোগে গাইবান্ধার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ইটের পরিমাপ সঠিক না পাওয়ায় দুটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা এলাকার মেসার্স টিপিএল ব্রিকসকে ৮০ হাজার টাকা ও মেসার্স জনতা ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন ও লোকমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
