বিশেষ ঋণসুবিধায় মুনাফায় উল্লম্ফন বিএসআরএম গ্রুপের

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১:২৬ পিএম

বিশ্বজুড়ে এক বছর ধরে পণ্য আমদানি-রপ্তানিতে জাহাজ ভাড়া ব্যাপক হারে বেড়েছে। একই সময়ে বেড়েছে কাঁচামালের দামও। এ দুইয়ের প্রভাবে উৎপাদিত পণ্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। তবে এ সময়ে ইস্পাত পণ্যের চাহিদা না কমায় খাতসংশ্লিষ্ট শিল্পগুলোর আয়ে উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি ২০২১-২২ হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২১) নির্মাণ খাতের প্রয়োজনীয় পণ্য রড বিক্রিতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের দুই তালিকাভুক্ত কোম্পানির নিট মুনাফা বেড়েছে গড়ে ৬৫ শতাংশ। চলতি প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য মিলেছে।

পর্যালোচনায় দেখা গেছে, পণ্য বিক্রি থেকে আয় ব্যাপক হারে বাড়লেও বিএসআরএম গ্রুপের কোম্পানিগুলোর নিট মুনাফা বাড়াতে প্রধান ভূমিকা রেখেছে ঋণের সুদ ব্যয় হ্রাস। প্রণোদনা ঋণের সুদের অর্ধেক সরকার বহন করায় ব্যাংকঋণ পরিশোধে স্বস্তিতে ছিল বিএসআরএম গ্রুপের কোম্পানিগুলো। একই সময়ে সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠান থেকে আসা মুনাফার পরিমাণও বেড়েছে। বিপরীতে পণ্য বিক্রি ও বিতরণ খরচ কমাতে পেরেছে বিএসআরএমের কোম্পানিগুলো। এসব কারণেই নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বাড়ছে ইস্পাতশিল্পের শীর্ষস্থানীয় গ্রুপটির।

বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত। করোনার কারণে ২০২০ সালে পণ্য বিক্রিতে ধাক্কা খেলেও পরের বছর থেকেই চাহিদা বাড়ায় বড় ধরনের প্রবৃদ্ধিতে ফেরে কোম্পানিগুলো। চলতি ২০২১-২২ হিসাববছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২১) বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস লিমিটেডের পণ্য বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ। একই সময়ে গ্রুপটির অপর তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিলস লিমিটেডের বিক্রি বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশি^ক পর্যায়ে ইস্পাতের কাঁচামালের দাম বাড়ায় এক বছর ধরে দেশে উৎপাদিত রডের দামও বাড়ছে। এতে করে কোম্পানিগুলোর আয় ব্যাপক হারে বেড়েছে। তবে বিক্রি থেকে আয় বাড়লেও উৎপাদন ব্যয় বাদ দেওয়ার পর বিএসআরএম স্টিলস রি-রোলিং মিলস লিমিটেডের মোট আয় উল্টো কমে গেছে। চলতি প্রথমার্ধে কোম্পানির উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে মোট বিক্রির ৯০ দশমিক ৭৪ শতাংশে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৪ দশমিক ৫ শতাংশ।

চলতি ২০২১-২২ হিসাববছরের প্রথমার্ধে কোম্পানির মোট আয় হয়েছে ৩২০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৬ শতাংশ কম। তবে চলতি হিসাববছরে কোম্পানির বিক্রয় ও বিতরণ ব্যয় কমেছে। একই সঙ্গে ঋণের সুদ পরিশোধের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। একই সময়ে সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠান থেকে আসা মুনাফার পরিমাণ বেড়েছে। যার প্রভাবে মোট আয় কমলেও নিট মুনাফা ৬৬ শতাংশ বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি প্রথমার্ধে বিএসআরএম স্টিলস রি-রোলিং মিলস লিমিটেডের বিক্রয় ও বিতরণ ব্যয় ৪২ শতাংশ কমেছে। এতে করে পরিচালন ব্যয় দাঁড়ায় ২৫৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮১ কোটি টাকা। করোনায় সরকারের প্রণোদনার কারণে আলোচিত সময়ে ঋণের সুদ ব্যয় ৯৪ দশমিক ৫ শতাংশ কমেছে। ২০২০-২১ হিসাববছরের প্রথমার্ধে কোম্পানিটি ঋণের সুদবাবদ ৯১ কোটি ৮৪ লাখ টাকা পরিশোধ করে, যা চলতি প্রথমার্ধে মাত্র ৫ কোটি টাকায় নেমে আসে। এ সময়ে বিভিন্ন ব্যাংকে রাখা আমানত থেকে ৪ কোটি ৩৩ লাখ টাকা সুদ আয় হয়েছে। ফলে এ সময়ে সুদবাবদ নিট ব্যয় দাঁড়ায় মাত্র ৬৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৮ কোটি ৭৪ লাখ টাকা।

চলতি প্রথমার্ধে সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠান থেকে বিএসআরএম স্টিলস রি-রোলিং মিলস লিমিটেডের মুনাফা এসেছে ৬২ কোটি ৬৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ কোটি ৫০ লাখ টাকা। কর পরিশোধের কোম্পানির নিট মুনাফা হয়েছে ২৪২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫২ কোটি টাকা।

চলতি প্রথমার্ধে বিএসআরএম গ্রুপের অপর কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ২ হাজার ৮৮৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ৪১৬ কোটি টাকা। এ সময়ে কোম্পানির উৎপাদন ব্যয় আগের বছরের একই সময়ের চেয়ে সামান্য কমেছে। ফলে মোট আয় দাঁড়িয়েছে ৩৫২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ বেশি। চলতি প্রথমার্ধে কোম্পানির বিক্রয়, বিপণন ও সুদবাবদ ব্যয় কমে যাওয়ায় কর পূর্ববর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। এ সময় নিট মুনাফা হয়েছে ২৫৯ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭১ কোটি ৮০ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত