হত্যায় সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর ধরা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫০ এএম

প্রায় ২৩ বছর পালিয়ে থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহুবর রহমান (৪৮) আদিতমারী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম।

এর আগে গত মঙ্গলবার রাতে রংপুর শহরের আলুটারী বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদিতমারী থানা পুলিশ। গ্রেপ্তার মহুবরের বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গোবর্দ্ধন গ্রামে।

আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ফসলের ক্ষেত গরু খেয়ে ফেলেছে এ নিয়ে সংঘর্ষে ১৯৯৯ সালের ২৭ মে স্থানীয় আফজাল হোসেন নামে একজনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় মহুবর রহমানকে প্রধান ও তার বাবা মনসুর আলীকে হুকুমের আসামি করা হয়। মামলায় ২০০৩ সালে মহুবর রহমান ও তার বাবাকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। মনসুর আলী ১৪ বছর সাজা ভোগ করলে সরকার তার বাকি সাজা মওকুফ করে। মহুবর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, মহুবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত