সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৩ এএম

দেশে বিভিন্ন আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানে গুম হচ্ছে, তাকে কিছুদিন পর পাচ্ছি। হয়তো নানা কারণে তারা আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালানো হয়। দু-একটি আত্মগোপন করার তথ্য আমরা পাইনি। আমরা মনে করি, এদের অচিরেই সামনে নিয়ে আসতে পারব।’

গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী স্কুলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা আয়োজক কমিটির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কেউ গুম হয় না। আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়।’

পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিরাপত্তায় খুব শিগগির পার্বত্য জেলায় পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, পাহাড়ে কিছু সমস্যা আছে। এখানে ভেতরে-ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। সেখানে আর্মি ক্যাম্প রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। অচিরেই সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের সার্বিক আইনশৃঙ্খলার জন্য পাঠানো হবে।’

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মনে করি, যারা টাকা পাঠিয়েছেন, তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। শিগগিরই তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত