কুমিল্লার দেবিদ্বারে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে একই পরিবারের পাঁচ সদস্য প্রার্থী হয়ে সবাই হেরেছেন। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীসহ পরিবারের চারজনই জামানত হারিয়েছেন।
জানা যায়, ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহনাজ পারভীন ও তার এক সৎছেলে এবং শাহনাজ পারভীনের ভাশুর সাবেক চেয়ারম্যান এমএ ছালাম ও তার দুই ছেলে। এর মধ্যে এমএ ছালাম ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আশরাফুন নাহার স্বাক্ষরিত বেসরকারি ফলাফল বিবরণীতে দেখা গেছে, নৌকা প্রতীকে শাহনাজ পারভীন ৮৭০ ভোট পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন। তার সৎছেলে মো. আল মামুন পেয়েছেন ৭ ভোট। এছাড়া পারভীনের ভাশুর সাবেক চেয়ারম্যান খন্দকার এমএ ছালাম আনারস প্রতীকে ৩ হাজার ৪৪৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এমএ ছালামের ছেলে খন্দকার ফখরুল ইসলাম ২৫ ও খন্দকার মজিবুর রহমান পেয়েছেন ৫৩ ভোট।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ দোয়াত কলম প্রতীকে ৪ হাজার ৫৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪০৩ ভোট। চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান ৩ হাজার ৫৪৪ ভোট এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম ঢোল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২১০ ভোট। ইউনিয়নের ৩২ হাজার ২৫০ জন ভোটারের মধ্যে ২১ হাজার ২ জন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সোমবার ১৪টি ইউনিয়নের ভোটগ্রহণ হয়। ভানী ইউনিয়নের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া মুকুল রাতে মারা যাওয়ায় ওই ইউনিয়নে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
