ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমার বিচার শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৬ এএম

ডিভোর্স জালিয়াতি মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। তবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। গত ২৪ জানুয়ারি তিন আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী কাজী নজিব উল্যাহ হিরু। বাদীপক্ষে ইশরাত হাসান চার্জ গঠনের প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত গতকাল (৯ ফেব্রুয়ারি) চার্জের বিষয়ে আদেশের জন্য রাখেন। গতকাল অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করে আগামী ১০ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে পিবিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত