নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি অনুসন্ধানের কাজ এখনো চলছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে নাম সুপারিশের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটি গতাল বুধবার বৈঠক করার পর এ কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল সন্ধ্যায় সার্চ কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামশুল আরেফিন সাংবাদিকদের বলেন, সার্চ কমিটির অনুসন্ধান অব্যাহত রয়েছে। আগামী শনিবার বেলা ১১টায় কমিটি আবারও বৈঠকে বসবে।
সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে কাটছাঁট করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আর কোনো বিষয়ে বলতে আমি আপাতত ইচ্ছুক নই। তবে, আশা করি শনিবার আবারও কথা হবে।’
নির্বাচন কমিশনার নিয়োগে কোনো মানদণ্ড সার্চ কমিটি নির্ধারণ করেছে কি না এমন প্রশ্নের জবাব দেননি মন্ত্রিপরিষদ বিভাগের এই সচিব। তিনি বলেন, ‘আইনে যা বর্ণিত আছে, ঠিক সেইভাবেই হবে।’ নাম প্রত্যাহারের জন্য কয়েকজন বিশিষ্ট নাগরিক আবেদন করেছেন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপাতত হয়নি। এর সংখ্যা সম্পর্কেও এখন বলা যাবে না।’
কত তারিখের মধ্যে আপনারা রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবেনএমন এক প্রশ্নের জবাবে সামশুল আরেফিন বলেন, ‘যত দ্রুত সম্ভব এটা সার্চ কমিটি করবে।’
দীর্ঘ বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি মন্ত্রিপরিষদ বিভাগের এ সচিব। এর আগে গত সোমবার সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই তালিকায় অচেনা, অনিচ্ছুক ব্যক্তিরাও রয়েছেন।
স্বাধীনতার ৫০ বছর পরে এবারই প্রথম নতুন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি। কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক হলেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন।
ইসি গঠনে নতুন আইন অনুযায়ী, সার্চ কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জন যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করবে কমিটি। এই ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।
