রাজধানী ঢাকায় প্রথম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান চালু করেছে চীন। গত মঙ্গলবার চালু হওয়া চীন মালিকানাধীন সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড নামের ফার্মটিকে দেশের পুঁজিবাজারে চীনা এন্টারপ্রাইজগুলোর প্রবেশে নতুন প্ল্যাটফর্ম মনে করছেন সংশ্লিষ্টরা। চীনা সংবাদমাধ্যম শিনহুয়া নেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, এই নতুন ফার্মটি চালুর মাধ্যমে বাংলাদেশে চীনা এবং অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের মার্চেন্ট ব্যাংকিং সেবা দেওয়ার জন্য একটি মূলধন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন, এটি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে দেশের পুঁজিবাজার উন্নয়নে সহায়তা করবে।
চীনা রাষ্ট্রদূতের বরাতে শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত বিকাশমান বাংলাদেশি অর্থনীতি চীনা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। তবে মূলধন ও ইকুইটি ব্যবস্থাপনা সহযোগিতার মাধ্যমে দুই দেশ সমঅংশীদারত্ব গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, কভিড-১৯ মহামারীতে নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০২০-২১ অর্থবছর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। নতুন ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফার্মটি করপোরেট ফাইন্যান্স, একীভূতকরণ এবং অধিগ্রহণের পরামর্শ, স্টক বিক্রি এবং লেনদেন, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ গবেষণায় গুরুত্ব দেবে।
