সুপ্রিম কোর্ট বার

সভাপতি কে প্রশ্ন চার জ্যেষ্ঠ আইনজীবীর

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০২:১৮ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি কে, সে প্রশ্ন তুলেছেন সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ চার আইনজীবী। একই সঙ্গে সমিতির আগামী নির্বাচনে (২০২২-২৩ মেয়াদে) ভোটার তালিকায় অযোগ্যদের নাম আসা এবং নির্বাচনে সদস্যদের ভোট ইলেকট্রনিক্যালি গণনার ম্যান্ডেট নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনের আগে তিনটি প্রশ্নের জবাব চেয়েছেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মইনুল হোসেন। এ চার আইনজীবীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গত ২৮ ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী কমিটির উদ্দেশ্যে পাঠানো হয়।

জ্যেষ্ঠ চার আইনজীবী জানতে চান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০২১-২২ মেয়াদে নির্বাচিত) জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু গত বছরের ১৪ এপ্রিল মারা যান। সভাপতি হিসেবে তার মেয়াদ ছিল গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। এ অবস্থায় সমিতির সভাপতি কে? এ ছাড়া অযোগ্যদের নাম কেন ২০২২-২৩ নির্বাচনে ভোটার তালিকায় এসেছে। আসছে নির্বাচনে সদস্যদের ভোট ইলেকট্রনিক্যালি গণনার ম্যান্ডেট কীভাবে এলো। এতে বলা হয়, কার্যনির্বাহী কমিটির কোনো সভা ছাড়া ইভিএম বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ইলেকট্রনিক্যালি ভোট গণনা সমিতির গঠনতন্ত্রের ১৫(৬) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

এতে বলা হয়, গঠনতন্ত্র ও সদস্য বিধিমালা একসঙ্গে পড়লে দেখা যায়, সমিতির সদস্যরা সাধারণত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পেশা পরিচালনা করবেন এবং ঢাকা মহানগর এলাকায় তাদের শুধু একটি কার্যালয় থাকবে। তবে বর্তমান ভোটার তালিকায় এমন আইনজীবীদের নাম আছে, যারা সাধারণত ঢাকা মহানগরের বাইরে অধস্তন আদালতে পেশা পরিচালনা করেন।

চার জ্যেষ্ঠ আইনজীবীর পাঠানো চিঠির পাওয়ার বিষয়টি স্বীকার করে সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব নেওয়ার পর সভা করতে পারব কি না এ রকম একটা ইস্যু যার সঙ্গে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কি না সেটি বিচার-বিশ্লেষণ করে আমরা জবাব দেব।’

প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পর ওই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এ এম আমিন উদ্দিন। সে সময় তিনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের মার্চে সমিতির (২০২১-২২) নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তবে, মৃত্যুবরণ করায় তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। ওই বছরের ৪ মে সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে পূর্বনির্ধারিত এক সভায় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সমিতির কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য এ এম আমিন উদ্দিনকে সভাপতি ঘোষণা করেন। বিএনপিপন্থি আইনজীবীরা একে গঠনতন্ত্রবিরোধী উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত