দেশের জুয়েলারি শিল্পকে দেশে ও বিদেশে নতুন করে তুলে ধরতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’। আগামী ১৭ মার্চ থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের অর্থনৈতিক খাতের উন্নয়ন, অগ্রযাত্রায় যোগ দিতে এই মেলার আয়োজন করা হয়েছে।
গতকাল রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে বাজুস কার্যালয়ে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদর্শনীর স্থায়ী কমিটির চেয়ারম্যান উত্তম বণিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের জুয়েলারি ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা মেলায় জুয়েলারি শিল্পের সম্ভাবনা তুলে ধরবেন। মেলায় দুবাই, কুয়েত, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী আসবেন। ১৭ থেকে ১৯ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্তমেলায় দেশ-বিদেশের অনেক ক্রেতা-বিক্রেতার শতাধিক স্টল অংশ নেবে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে মূল্যছাড়সহ আকর্ষণীয় অফার।
