দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়ুন সুক ইওল। রক্ষণশীল সাবেক এই শীর্ষ আইনপ্রণেতা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তার প্রধান উদারপন্থি প্রতিপক্ষ লি জে-মিয়ুংকে পরাজিত করেন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এবারই প্রথম এতটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলো।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ইয়ুন সুক ইওল ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে ইয়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী লি জে-মিয়ুং ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
এদিকে নির্বাচনে নিজের জয়কে ‘জনগণের মহান বিজয়’ বলে অভিহিত করেছেন ইয়ুন সুক ইওল। গতকাল বৃহস্পতিবার জানানো এক প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি দেশের সংবিধান ও পার্লামেন্টকে সম্মান করবেন এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করবেন। ইয়ুন সুক ইওল আরও বলেন, ‘আমাদের প্রতিযোগিতা আপাতত শেষ। আমাদেরকে এখন হাত মেলাতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হতে হবে।’
দক্ষিণ কোরিয়ার বর্তমান শাসক দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ুং নির্বাচনের আগে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিদায়ী প্রেসিডেন্টের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার করেছিলেন। একই সঙ্গে পেইচিং ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার অঙ্গীকারও করেছিলেন তিনি। অন্যদিকে নির্বাচনের আগে ইয়ুন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা জানিয়েছিলেন। আর উত্তর কোরিয়ার ব্যাপারে ‘শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি’ স্থাপনের পক্ষে তিনি।
