পূর্বাচলে সিবিডি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৬:৫১ এএম

রাজধানীর পূর্বাচলে সেন্ট্রাল বিজনেস ডিসট্রিক (সিবিডি) প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মুভেনপিক গ্র্যান্ড আল বুস্তান দুবাই হোটেলের বলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিক ফোরাম ২০২২-এ প্রকল্পটি আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেয় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পাওয়ারপ্যাক হোল্ডিং লিমিটেড।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগের উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, দুবাইয়ের শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির প্রাইভেট অফিসের চেয়ারম্যান টমাস জালেস্কি প্রমুখ।

এদিন নতুন ব্যবসা শুরু করার লক্ষ্যে সিকদার গ্রুপ ও শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির প্রাইভেট অফিসের মধ্যে এক সমঝোতা স্মারকও (এমওইউ) সই হয়।

গতকাল শুক্রবার সিকদার গ্রুপ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশকে ‘বিশ্বব্যাপী সমন্বিত আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যিক কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন সিবিডি প্রকল্প তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। 

প্রকল্পটি পূর্বাচল নিউ টাউনে ১১৪ একর জুড়ে বিস্তৃত। এই প্রকল্পের মূল আকর্ষণ হলো আইকনিক ট্রাই টাওয়ার। এতে থাকবে ৫২ ফুট উচ্চতার ল্যাঙ্গুয়েজ টাওয়ার, ৭১ ফুটের লিবারেশন টাওয়ার এবং ১১১ ফুটের লিগ্যাসি টাওয়ার। টাওয়ারগুলো স্থানীয় ও অনাবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় চাহিদা মেটাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউক পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড (সিকদার গ্রুপের সহযোগী) এবং জাপানি প্রতিষ্ঠান কাজিমা করপোরেশনকে যৌথভাবে সিবিডির কাজ করার সুযোগ দিয়েছে। পূর্বাচল সিবিডি এখন অত্যাধুনিক ব্যবসাকেন্দ্র, বাণিজ্যিক স্থান, খুচরা ও ব্র্যান্ডের দোকান, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, হাসপাতাল, ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে একটি গ্লোবাল বিজনেস হাব হিসেবে গড়ে উঠতে প্রস্তুত। এখানে মিলবে প্রয়োজনীয় কমিউনিটি সুবিধাসহ সমস্ত বিশ্বমানের সুবিধা।

এদিকে ওই সিকাদর গ্রুপের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের আওতায় শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমির প্রাইভেট অফিস সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় দেশগুলোর জন্য বাংলাদেশ থেকে চিংড়ি ও অন্যান্য পণ্য আমদানি করবে।

 এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে কয়েকটি মেগা প্রকল্প স্থাপনের ব্যাপারে সিকদার গ্রুপ ও ফয়সাল আল কাসিমির প্রাইভেট অফিস একসঙ্গে কাজ করার সিদ্ধান্তও নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত