বিএনপি চায় দেশের মানুষ দরিদ্র থাকুক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সমগ্র বিশ্ব গত ১৩ বছরে বাংলাদেশের উন্নতির স্বীকৃতি দিলেও মির্জা ফখরুল সাহেবদের এগুলো স্বীকার করতে কষ্ট হয়, কারণ দেশের মানুষের অগ্রগতি তাদের পছন্দ নয়।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিবের ‘দেশের উন্নতির তথ্য-উপাত্ত ভুয়া’ মন্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে তাতে মানুষের মাথাপিছু আয় ৬০০ থেকে ২৬০০ ডলারে উন্নীত হয়েছে। এবং এই বৃদ্ধি আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের সবাই স্বীকার করেছে। আমাদের মাথাপিছু আয় অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়েছিল, এখন ভারতকেও ছাড়িয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে। করোনার মধ্যে বিশ্বের মাত্র ২০টি দেশের জিডিপির ধনাত্মক প্রবৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি শীর্ষ দেশ।’
তিনি আরও বলেন, ‘বিএনপির অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো নয়, তাহলে বাইরে থেকে সাহায্য-খয়রাত পাব না। যাদের মানসিকতা এমন, তাদের তো অগ্রগতি পছন্দ হবে না। সেজন্যই তারা এ নিয়ে বিভ্রান্তিকর কথা বলেন।’
এর আগে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, ‘এদেশে যেমন মেধাবী পরিচালকরা রয়েছেন, তেমনি আমাদের ছেলেমেয়েরা দেখতে সুন্দর, অভিনয়েও প্রতিভাবান। বিদেশি ২য়-৩য় গ্রেডের শিল্পীদের এনে বিজ্ঞাপন-সিনেমা বানানোর খুব প্রয়োজনীয়তা অনুভূত হয় না। তবে মুক্তবাজার অর্থনীতির যুগে আমরা কাউকে মানা করছি না, বিদেশি শিল্পী কেউ আনতে চাইলে আনবে, সরকারের প্রাপ্য কর দিতে হবে।
অনুষ্ঠানে লোকসংগীতশিল্পী মমতাজ বেগম এমপি, লেখক আনিসুল হক, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, টিভি সাংবাদিক শফিউল্লাহ সুমনসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।
