বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে নিয়ন্ত্রণ আনতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে যেকোনো বিদেশি কোম্পানি ও ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেনের সর্বোচ্চ পরিমাণ বেঁধে দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদেশি ঋণদাতাদের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ন্ত্রণে নতুন করে এমন অস্থায়ী বিশেষ অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে রাশিয়া। গত শুক্রবার এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। খবর আরটির
নতুন আদেশে রাশিয়ার ব্যাংকগুলোকে চলতি বছর শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশিদের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করতে বলেছেন পুতিন। এই আদেশের ফলে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানের বিষয়টিও নিষেধাজ্ঞার মধ্যে চলে এসেছে। অর্থাৎ অনুমতি ছাড়া মুনাফার টাকা দেওয়া যাবে না বিদেশি বিনিয়োগকারীদের। রাশিয়ার ব্যাংকগুলোকে অনুমতি সাপেক্ষে ১ সেপ্টেম্বর পর্যন্ত বৈদেশিক ঋণ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে এই আদেশে। কিন্তু তা দিতে হবে সরকারের নির্ধারিত বিনিময় হারে ও রুবলের মাধ্যমে।
ইউক্রেনে অভিযান শুরুর পরপরই বৈদেশিক মুদ্রার পাচার ঠেকাতে রাশিয়ার রপ্তানিকারকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছিল দেশটি। এতে রপ্তানিকারকদের অর্জিত বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ সরকারের কাছে বিক্রি করে দিতে আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে মূলধন বাইরে যাওয়া ঠেকাতে সব মুদ্রা রুবলে রূপান্তরের নির্দেশনা জারি করে দেশটি। নতুন আদেশে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।
