নিরপেক্ষ থাকায় বাংলাদেশের প্রতি রাশিয়ার কৃতজ্ঞতা

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:০১ এএম

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের জরুরি অধিবেশনে ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্তিতস্কি। তিনি বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যথাসময়েই শেষ হবে। এ নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে গত ২ মার্চ এক প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাশিয়া দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ওই ভোটের সময় প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আরেক প্রশ্নের জবাবে মান্তিতস্কি বলেন, ‘আমরা বুঝতে পারি, বর্তমান পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা রয়েছে। এখন পর্যন্ত সব কাজ নির্ধারিত সময় ধরেই এগোচ্ছে। কাজেই প্রকল্প শেষ করার জন্য আগে যে সময়সীমা ঠিক করা হয়েছিল, সে অনুযায়ী তা হবে।’

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে লেনদেন বিষয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘গত সপ্তাহে মস্কোতে বাংলাদেশ দূতাবাস বার্টার বাণিজ্যের (পণ্যের বিনিময়ে পণ্য, যা বার্টার বা কাউন্টার ট্রেড নামে পরিচিত) বিষয়টি বিবেচনায় নেওয়া যায় কি না, তা নিয়ে প্রস্তাব দিয়েছে। আমি এটুকু বলতে পারি, দুই দেশ ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখার স্বার্থে বার্টার, টাকা ও রুবলে লেনদেন অথবা চীনের মুদ্রায়ও সেটি হতে পারে। আমরা এটা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছি।’

রাশিয়া থেকে কেনা গম ও জ¦ালানির দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, ‘সরবরাহের বিষয়ে রাশিয়ার যে বাধ্যবাধকতা, সেটা পূরণ করা হবে। বাড়তি চাহিদা নিয়ে মধ্যস্বত্বভোগী ও কিছু গণমাধ্যম জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়ায়, এখানে পণ্যের মূল্য বেড়ে গেছে।’

রাষ্ট্রদূত মান্তিতস্কি আরও বলেন, ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতে ধস নামবে না। ইতিহাসের নানা পর্বে সংকট মোকাবিলা করেই রাশিয়া এগিয়েছে। এখনকার পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করে ঘুরে দাঁড়াবে রাশিয়া।’

কোয়াডে যোগদান নিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোয়াডে বাংলাদেশ যাবে কি যাবে না সেটা বাংলাদেশের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছুই বলার নেই।’

সংবাদ সম্মেলনে ইউক্রেনে ড্রোন থেকে ধারণকৃত ভিডিও ফুটেজ উপস্থাপন করে রাশিয়ার দূতাবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত