শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন বলেছেন, বর্তমানে দেশে চিনিকলের সংখ্যা ১৫টি। এর মধ্যে একটি চিনিকল (কেরু অ্যান্ড কোং) লাভজনক এবং অলাভজনক চিনিকলের সংখ্যা ১৪টি। ২০২০-২১ মাড়াই মৌসুম থেকে সরকারি সিদ্ধান্তে অলাভজনক ১৪টি চিনিকলের মধ্যে ৬টিতে (পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়া) আখ মাড়াই কার্যক্রম স্থগিত আছে।
গতকাল রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকারি দলের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পাঁচটি জেলায় কৃষিভিত্তিক শিল্পনগরী/শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। সেগুলো হলোÑবিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও; বিসিক মধুপুর শিল্পপার্ক (আনারসসহ কৃষিপণ্য প্রক্রিয়াকরণ) টাঙ্গাইল; বিসিক উত্তরাঞ্চল কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপার্ক, বগুড়া; বিসিক কৃষিপ্রক্রিয়াকরণ শিল্পনগরী, রংপুর এবং বিসিক কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক, মেহেরপুর।
সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাড়বকুণ্ডে চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কারখানা পুনরায় চালু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারখানা প্রাঙ্গণে একটি নতুন ক্লোর-অ্যালকালি এবং ক্লোরিন সম্পর্কিত বেসিক কেমিক্যাল কমপাউন্ড (পিভিসি) প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে পেশাদার উপযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থ-কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের নিমিত্ত একটি প্রতিষ্ঠান থেকে আরএফপি’র প্রস্তাব পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবটি মূল্যায়নের কার্যক্রম চলমান।
জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে বিসিকের ৭৯টি শিল্পনগরী আছে। মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিসিক কর্র্তৃক ২০০৯-২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৭১৫টি বন্ধ শিল্পকারখানা চালু করা হয়েছে।
বিটিভিতে দিনে গড়ে এক ঘণ্টা ধর্মীয় আলোচনা : সরকারি দলের হাবিব হাসানের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পবিত্র আল কোরআন ও মহানবী হজরত মোহম্মদ (সা.)-এর জীবন ও দর্শনকে বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করা হয়।
বাংলাদেশ টেলিভিশনে গত অর্থবছরে (২০২০-২১) ৩৩৪ ঘণ্টা ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রচার করা হয়েছে। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১ ঘণ্টা ধর্মীয় অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে।
